আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। প্রার্থীদের পাশাপাশি সাধারণ ভোটারদের নজর কাড়ছেন তাদের স্বজনরাও। বিশেষ করে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী (ফুটবল) মোঃ মহসিন মিয়া মধুর স্বজনদের সরব উপস্থিতিতে নির্বাচনী মাঠ এখন উৎসবমুখর পরিবেশে রূপ নিয়েছে।
গত কয়েকদিনে নির্বাচনী মাঠ ঘুরে দেখা যায়, স্বামীর পক্ষে মাঠে নেমেছেন এম নাসের রহমানের সহধর্মিনী রেজিনা নাসের, এম নাসের রহমানের পুত্র নাবিল রহমান, জ্যেষ্ঠ কন্যা কেমিক্যাল ইঞ্জিনিয়ার আমিরা রহমান এবং সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের পুত্র সফিউর রহমান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের পক্ষে মৌলভীবাজার সদর উপজেলা ও রাজনগর উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জে নির্বাচনী জনসভা, উঠান বৈঠক ও গণসংযোগে তারা অংশ নেন।
অন্যদিকে, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরীর স্ত্রী, সন্তান ও স্বজনরাও কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করছেন। তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন এবং এলাকার উন্নয়নে মুজিবুর রহমান চৌধুরীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী শ্রীমঙ্গল পৌরসভার পাঁচবারের সাবেক মেয়র মোঃ মহসিন মিয়া মধুর স্ত্রী, কন্যা, নাতি, নাতনি, ভাই-ভাতিজা-ভাতিজিদের সরব উপস্থিতি ফুটবল প্রতীকের প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে। শুক্রবারও দিনব্যাপী শ্রীমঙ্গল-কমলগঞ্জের বিভিন্ন চা-বাগান এলাকাসহ অন্যান্য স্থানে মহসিন মিয়ার পরিবারের সদস্যরা ফুটবল প্রতীকের গণসংযোগে অংশ নেন। এতে সাধারণ ভোটারদের মধ্যেও যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
অপরদিকে, একই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের মাওলানা শেখ নুরে আলম হামিদীর পক্ষেও তাঁর আপন ভাই বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী, চাচা বরুণা মাদরাসার সদরের মুহতামিম মাওলানা সাইদুর রহমান বর্ণভী, চাচাতো ভাই শেখবাড়ি জামিয়ার নির্বাহী মুহতামিম মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী, ভাগনা সৈয়দ আতহার জাকওয়ানসহ পরিবারের সদস্যদের তৎপরতা লক্ষ্যণীয়।
বলা যায়, শুধুমাত্র প্রার্থীরাই গণসংযোগ-প্রচারণায় নয়, বরং প্রার্থীদের পক্ষে তাদের স্ত্রী-সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরাও এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। ভোটারদের ঘরে ঘরে গিয়ে তারা ভোট প্রার্থনা করছেন। তাঁদের কাছে পেয়ে খুশি ভোটাররাও।
প্রসঙ্গত, জেলার ৭টি উপজেলা, ৬টি পৌরসভা ও ৬৭টি ইউনিয়ন নিয়ে গঠিত মৌলভীবাজার-১, ২, ৩ ও ৪ আসনে এবার মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে চারটি আসনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেখা যাচ্ছে। বিএনপি, ১১ দলীয় জোট ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

