মাদ্রাসা প্রাঙ্গণে তখন উৎসবের আমেজ। রঙিন ব্যানার, শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর অভিভাবকদের চোখে গর্বের ঝিলিক—সব মিলিয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কাশিয়ানী উপজেলার জয়নগর এম ইউ সিনিয়র আলীম মাদ্রাসায় অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
খেলাধুলার মাঠে দৌড়, লাফ ও প্রতিযোগিতার উত্তেজনা শেষে বিজয়ীদের হাতে যখন পুরস্কার তুলে দেওয়া হচ্ছিল, তখন শিক্ষার্থীদের মুখে ফুটে উঠছিল সাফল্যের হাসি। সেই আনন্দঘন মুহূর্তের সাক্ষী হতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাহামুদুল হাসান বাপ্পী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের জীবনে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি তৈরি করে। সুস্থ শরীরই সুস্থ মনের ভিত্তি। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই তাদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলাই আমাদের মূল দায়িত্ব।”
তিনি আরও বলেন, “মাদ্রাসার শিক্ষার্থীরা এখন আর শুধু ধর্মীয় শিক্ষায় সীমাবদ্ধ নয়। তারা ক্রীড়া, সংস্কৃতি ও আধুনিক শিক্ষায় সমানভাবে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
পুরস্কার বিতরণী পর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেওয়া হয়। বিজয়ীদের উল্লাস ও সহপাঠীদের করতালিতে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠান শেষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ ধরনের আয়োজনকে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সহশিক্ষা কার্যক্রমে নতুন অনুপ্রেরণা হিসেবে দেখছেন। অনেকেই আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

