আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মদন উপজেলায় নির্বাচনী প্রচারণা জোরদার করেছে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। প্রচারণায় এবার মাঠে নেমেছেন তার স্ত্রী ও সন্তানরাও।
শুক্রবার (৩০জানুয়ারি) দিনব্যাপী মদন উপজেলার মদন ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে গণসংযোগ করেন বাবরের ছেলে ব্যারিস্টার আনাফ ইবনে জামান, অন্যদিকে একই উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন বাবরের স্ত্রী তাহমিনা জামান। এ সময় তারা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বাবরের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন।
প্রচারণাকালে বাবরের ছেলে ব্যারিস্টার আনাস ইবনে জামান বলেন দীর্ঘ ১৭ টি বছর আমার বাবা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার বাবা আবারও আপনাদের মাঝে ফিরে এসেছে। আমি আপনাদের সকলের কাছে আমার বাবার জন্য ধানের শীষে ভোট ও দোয়া চাইতে এসেছি।
একই দিনে গোবিন্দশ্রী ইউনিয়নে বাবরের স্ত্রী বলেন, “লুৎফুজ্জামান বাবর সব সময় এলাকার মানুষের উন্নয়নে কাজ করেছেন। আমরা বিশ্বাস করি, জনগণ আবারও তাকে পাশে রাখবে।” একই সঙ্গে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
স্থানীয় নেতাকর্মীরা জানান, বাবরের পরিবারের সরাসরি মাঠে নামায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। সাধারণ ভোটারদের মধ্যেও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
প্রচারণা শেষে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এসব সভায় নেতাকর্মীরা বলেন, বাবরের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এবং নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তারা আশাবাদী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপি`র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সেকুল, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, মদন ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান আকন্দ সাধারণ সম্পাদক জাফর ইকবাল সুমন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

