ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে আয়োজিত এ প্রচারণায় নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য এবং ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান।
প্রচারণা চলাকালে ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও জনবহুল এলাকায় নেতাকর্মীরা দলীয় প্রতীক ধানের শীষ সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় আলহাজ্ব হাতেম খান বলেন, “বিএনপি জনগণের দল। মানুষের ভোট ও অধিকার ফিরিয়ে দিতে ধানের শীষের বিকল্প নেই।”
প্রচারণায় উপস্থিত ছিলেন পৌর বিএনপি এবং ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় জনগণের মধ্যে এ প্রচারণা ব্যাপক সাড়া ফেলেছে বলে জানান নেতাকর্মীরা। অনেক ভোটার স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশগ্রহণ করেন এবং ধানের শীষের প্রতি তাদের সমর্থনের কথা জানান।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের রায়ে ধানের শীষ বিজয়ী হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

