আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহীর তানোরে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে পৃথক পৃথক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, আগারগাঁও (ঢাকা)-এর আয়োজনে এবং উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের হলরুমে প্রিসাইডিং অফিসারদের, একে সরকারি কলেজে সহকারী প্রিসাইডিং অফিসারদের এবং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকালে পৃথক পৃথক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে উদ্বোধনী বক্তব্য দেন জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার।
এ সময় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার নাইমুল হাসান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেহরীন তাবাসসুম তিথী, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার সুস্মিত রায় প্রমুখ।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, নির্বাচনের দিন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। ভোটগ্রহণে সর্বোচ্চ নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। কেন্দ্র ও বুথে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। অনিয়ম বা পক্ষপাতমূলক আচরণ লক্ষ্য করা গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়িত্ব পালনে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে এলে কোনো ছাড় দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, বর্তমান সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। অতীতে কী হয়েছে বা কী হয়নি, তা ভুলে যেতে হবে। কারণ সারা বিশ্ব জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে। জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে। একসঙ্গে দুটি ভোট কীভাবে গ্রহণ করতে হবে, সে বিষয়ে ভোটারদের স্পষ্টভাবে বোঝাতে হবে। দুটি ভোট একসঙ্গে হওয়ায় কিছুটা চ্যালেঞ্জ থাকলেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেই ভোটগ্রহণ সম্পন্ন করতে হবে। কেন্দ্রে অযথা ভিড় করা যাবে না এবং কোনোভাবেই ভোট নষ্ট হতে দেওয়া যাবে না। প্রশিক্ষণে যেভাবে নির্দেশনা দেওয়া হবে, সেভাবেই ভোটগ্রহণ করতে হবে। কোনো ধরনের কালক্ষেপণ সহ্য করা হবে না।
উল্লেখ্য, তানোর উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৬১টি এবং বুথের সংখ্যা ৩৪০টি। প্রতি কেন্দ্রে একজন করে প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। প্রতি বুথে একজন করে সহকারী প্রিসাইডিং অফিসার এবং প্রতি বুথে দুইজন করে পোলিং এজেন্ট দায়িত্বে থাকবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

