মাদারীপুরে-৩ আসনের ১০ দলের মনোনীত পদপ্রার্থী মাওলানা মো. রফিকুল ইসলাম বলেছেন, “আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজমুক্ত, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ।”
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেউ যেনো অবৈধ কোনো কিছু করতে না পারে, সেই দিকে সকলকে সজাগ থাকতে হবে। আমরা ভালো কাজের সহযোগিতা করবো, খারাপ কাজের বিরোধিতা করবো। কেউ যদি অন্যায়ভাবে কিছু করে, আমরা গণ প্রতিরোধ গড়ে তুলবো।
“আমরা কারো শত্রু নই, কারো প্রতিপক্ষ নই, আমরা অন্যায়ের বিরুদ্ধে। আগামীর বাংলাদেশ গড়ার জন্য যার যে মেধা আছে, যার যে যোগ্যতা আছে, সকলে মিলে বাংলাদেশকে গড়ে তুলবো,” তিনি যোগ করেন।
তিনি উল্লেখ করেন, “বাংলাদেশের ‘দ্বিতীয় সংসদ’ নামে পরিচিত শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে আপনার সন্তানেরা ভোট দিয়ে সৎ এবং যোগ্য ব্যক্তি নির্বাচিত করেছে, তেমনি আপনারাও সৎ এবং যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করে সংসদে পাঠাবেন। যুবকরা সিদ্ধান্ত নিয়েছে, আগামী সংসদ নির্বাচনে তারা সৎ এবং যোগ্য ব্যক্তিদের ভোট দিয়ে নির্বাচিত করবে; কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজকে ভোট দিবেনা। তারা সকলে মিলে ভোট দিয়ে সৎ ও যোগ্য সরকার গঠনে সহযোগিতা করবে।”
শুক্রবার (২৩ জানুয়ারি ) বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলার কাজি বাকাই ইউনিয়নের বাঁশতলা চৌরাস্তার মোড়ে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: মাদারীপুর জেলা আমির মাওলানা মোকলেচুর রহমান, সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মিজানুর রহমান, ডাসার উপজেলা আমির মাওলানা আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ডাসার উপজেলার সেক্রেটারি হাফেজ সানাউল্লাহ, কালকিনি উপজেলা আমির মাওলানা এনামুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের কালকিনি উপজেলা সেক্রেটারি মাওলানা হুজাইফা, ইসলামী ছাত্র শিবিরের মাদারীপুর জেলা সভাপতি রিফাত হোসাইন, ডাসার উপজেলা সেক্রেটারি শাহরিয়ার সিফাত, ডাসার উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রব, নবগ্রাম ইউনিয়ন জামাতের সেক্রেটারি মিলন ঢালী।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কাজি বাকাই ইউনিয়ন শাখা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

