মোংলা পৌরসভার মাদ্রাসা রোড এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৮ বোতল বিদেশি হুইস্কি, ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ ও মাদক সেবনের উপকরণসহ এক নারীকে আটক করেছে যৌথবাহিনী।
অভিযানের সময় মূল হোতা কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রহিম কৌশলে পালিয়ে গেলেও তার সহযোগী ও স্ত্রীকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (১৯ জানুয়ারি ) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে মোংলা থানা পুলিশ ও মোংলা এনেক্স কন্টিনজেন্টের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানের স্থান ছিল মোংলা পৌরসভাধীন মাদ্রাসা রোড সংলগ্ন রহিম সিকদারের বসতবাড়ি।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে মাদক ক্রয়-বিক্রয় ও সেবন চলছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বাড়িটি তল্লাশি করে ১৮ বোতল বিদেশি হুইস্কি,২ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪২ হাজার ০৫ টাকা, একটি মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক ও মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রহিম বাড়ির পেছনের ডোবায় ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে তার সহযোগী ও স্ত্রী সাফিয়াকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
এ ঘটনায় মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে রামপাল–মোংলা সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোঃ রেফাতুল ইসলাম বলেন,“মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মোংলা এলাকায় মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। যে কেউ মাদক কারবারে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনতেই হবে। যৌথবাহিনীর এ ধরনের অভিযান আগামীতেও আরও জোরদার করা হবে।”
তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা পেলে মোংলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করা সম্ভব হবে।
উল্লেখ্য, মোংলা থানা পুলিশের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে একের পর এক সফল মাদকবিরোধী অভিযানে এলাকায় স্বস্তি ফিরছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন তৎপরতায় সাধারণ জনগণ সন্তোষ প্রকাশ করেছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

