আইনি লড়াইয়ে জয়ী হয়ে অবশেষে শেরপুর–২ (নকলা–নালিতাবাড়ী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশা।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
এর আগে গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। সেই ঘটনার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পান তিনি।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পরে উপস্থিত হওয়ায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন তার মনোনয়নপত্র গ্রহণ করেননি। এ ঘটনায় কার্যালয়ের ভেতরেই আব্দুল্লাহ বাদশা কান্নায় ভেঙে পড়েন। তার সেই আবেগঘন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও সাধারণ মানুষের মধ্যে সহমর্মিতার সৃষ্টি হয়।
মনোনয়নপত্র গ্রহণ না করায় দমে যাননি আব্দুল্লাহ বাদশা। তিনি উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে উচ্চ আদালত তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। আদালতের সেই আদেশের প্রেক্ষিতেই বুধবার তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সফলভাবে মনোনয়নপত্র জমা দেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

