জয়পুরহাটের কালাই উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে মানবিক উদ্যোগ নিয়েছে আমল ফাউন্ডেশন। সংস্থাটির আয়োজনে উপজেলার ১০০টি অসচ্ছল পরিবারের মাঝে এক মাসের রেশন সামগ্রী ও দুটি করে ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কালাই সরকারি মহিলা কলেজ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে উপকারভোগীদের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও আত্মকর্মসংস্থানের উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শামীম আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন। এছাড়া আমল ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার জাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম বকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রতিটি পরিবারকে দেওয়া রেশন সামগ্রীর মধ্যে ছিল ২৫ কেজি চাল, ৫ কেজি মসুর ডাল, ৩ লিটার ভোজ্যতেল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি হলুদ গুঁড়া, ১ কেজি মরিচ গুঁড়া, ১ কেজি মুড়ি ও ১ কেজি গুড়। পাশাপাশি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার জন্য ডেটল সাবান, লিকুইড হ্যান্ড ওয়াশ, অ্যান্টিসেপ্টিক ক্রিম, ওরস্যালাইন, নাপা ও মেট্রোনিডাজল ট্যাবলেট এবং ডিটারজেন্ট পাউডার বিতরণ করা হয়। দৈনন্দিন ব্যবহারের জন্য প্রতিটি পরিবারকে একটি করে ছাতা ও বালিশও প্রদান করা হয়। এর পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে প্রতিটি পরিবারকে দুটি করে ছাগল দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শামীম আরা বলেন, ছাগলগুলো বিক্রির উদ্দেশ্যে নয়; বরং লালন-পালনের মাধ্যমে পরিবারগুলো যেন স্বাবলম্বী হতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, কোনো ছাগল অসুস্থ হলে উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করলে বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়া যাবে।
আমল ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার জাহিদুল ইসলাম বলেন, আমল ফাউন্ডেশন পাঁচটি ভিন্ন খাতে কাজ করে আসছে। পরিবেশ ও জীবনমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবেই কালাই উপজেলার সুবিধাবঞ্চিত ১০০টি পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সহায়তা পাওয়া পরিবারগুলোর একজন সামছুল ইসলাম অনুভূতি প্রকাশ করে বলেন, এই সহায়তা পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। ছাগলগুলো যত্নসহকারে পালন করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন বলে জানান তিনি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

