রাজশাহীতে শীতের মধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে, ফলে বেড়েছে শীতের অনুভূতি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোররাত থেকে কুয়াশার পাশাপাশি আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় শীতের দাপট আরও বেড়েছে।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার সকাল ৬টার দিকে প্রায় এক ঘণ্টা ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এ সময় ০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আকাশে মেঘ থাকায় আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সকালে অফিসগামী মানুষের পাশাপাশি জীবিকার তাগিদে বের হওয়া নিম্নআয়ের মানুষদের বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হয়। হালকা বৃষ্টি ও কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা আরও বেড়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দরিদ্র ও খেটে খাওয়া মানুষরা। শহরের ফুটপাত ও গ্রামীণ এলাকায় শীত থেকে বাঁচতে গরম কাপড় ও আগুনের উষ্ণতায় আশ্রয় নিতে দেখা গেছে অনেককে।
দিনমজুর আবু তালেব বলেন, “বৃষ্টি পড়ায় আজ কাজ হয়নি। ঠান্ডাও খুব বেশি। ফাঁকা জায়গায় কাজ করতে হয়, বাতাসে আরও ঠান্ডা লাগে। এখন খুব কষ্টে দিন কাটছে। এই বৃষ্টির পর শীত আরও বাড়বে।”
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলম জানান, কুয়াশার পাশাপাশি আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং আরও বৃষ্টি হতে পারে। আবহাওয়া স্বাভাবিক হলে শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

