মৌলভীবাজারের বড়লেখায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় দুই ভাই নিহত হয়েছেন। ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. জমির উদ্দিন নামে এক ব্যক্তি।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর বড় ছেলে কুয়েতপ্রবাসী জামাল হোসেন (৫০) এবং ছোট ছেলে কৃষক আব্দুল কাইয়ুম (৪৫)।
আহত মো. জমির উদ্দিন একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামাল হোসেনের বাড়ির পাশে ফসলি জমিতে পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই দুই ভাই প্রাণ হারান। কি কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, নিহত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

