সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন— দমদমা সীমান্ত সংলগ্ন পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দিনের ছেলে আশিকুর (১৯) এবং একই গ্রামের প্রয়াত রব মিয়ার ছেলে মোশাইদ (২২)।
স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা গেছে, দমদমা সীমান্ত থেকে ভারতের প্রায় ৬০০ গজ ভেতরে রাজনটিলা নামক এলাকায় খাসিয়ারা গুলি চালালে ঘটনাস্থলেই আশিকুর মারা যান। পরে তার সঙ্গীরা মরদেহ উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন।
অন্যদিকে, একই এলাকায় পৃথক আরেকটি ঘটনায় মোশাইদ নামে এক যুবক গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি সীমান্ত রেখা থেকে ভারতের প্রায় দেড় কিলোমিটার ভেতরে ঘটেছে। সেখানে খাসিয়াদের সুপারি বাগান থেকে সুপারি সংগ্রহের সময় বাগান মালিকরা গুলি ছোড়ে বলে জানা গেছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

