আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের রাজশাহীর মিঞাপাড়ায় অবস্থিত পৈতৃক বসতভিটা ধ্বংসের ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঐতিহ্যবাহী এই স্থাপনা সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে রাজশাহীর নাগরিক সমাজ।
বৃহস্পতিবার ১১টার দিকে সাহেববাজার জিরোপয়েন্টে রাজশাহীর নাগরিকদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ঋত্বিক কুমার ঘটক বাংলা চলচ্চিত্রের সেই ক্ষণজন্মা নির্মাতাদের অন্যতম, যাঁর হাত ধরে বাংলা সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসন লাভ করে। তাঁর নির্মিত ‘মেঘে ঢাকা তারা’, ‘সুবর্ণরেখা’, ‘কোমল গান্ধার’, ‘তিতাস একটি নদীর নাম’ ও ‘অযান্ত্রিক’সহ বহু চলচ্চিত্র আজও বিশ্বব্যাপী চলচ্চিত্র শিক্ষার গুরুত্বপূর্ণ পাঠ্য হিসেবে বিবেচিত।
বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্ট সরকার পতনের পর রাজশাহী শহরের মিঞাপাড়ায় অবস্থিত ঋত্বিক ঘটকের বসতভিটা গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)–এর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হলেও তদন্ত শেষ হওয়ার আগেই গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে হোমিওপ্যাথিক কলেজ কর্তৃপক্ষ পুনরায় সেখানে ধ্বংসযজ্ঞ চালায়। এ সময় বসতভিটার অবশিষ্ট ঐতিহ্যবাহী ইট খড়খড়ি বাইপাস এলাকায় শাহমখদুম নার্সিং কলেজের পাশের একটি পুকুর ভরাটে ফেলে দেওয়া হয়। এতে একদিকে ঐতিহ্য ধ্বংস, অন্যদিকে পরিবেশ বিপর্যয় ঘটানো হচ্ছে বলে বক্তারা মন্তব্য করেন।
মানববন্ধন থেকে অবিলম্বে ঋত্বিক ঘটকের বসতভিটা ভাঙার সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি, সরিয়ে নেওয়া ইট দ্রুত ফিরিয়ে আনা এবং বসতভিটা সংরক্ষণের জোর দাবি জানানো হয়।
স্মারকলিপির ৫ দফা দাবিসমূহ:
১. ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক বসতবাড়ির অবশিষ্ট ০.১৬০৩ একর জমি সংরক্ষণ করে ভবিষ্যতে তাঁর নামে চলচ্চিত্রকেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্যে জমিটি অবমুক্ত ঘোষণা।
২. রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ইজারা পুনর্বিবেচনা করে তা বাতিল এবং বসতভিটা স্থায়ীভাবে সংরক্ষণ।
৩. অবশিষ্ট জমির চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ ও ‘ঋত্বিক কমপ্লেক্স নির্মাণের জন্য নির্ধারিত স্থান’ লেখা সাইনবোর্ড স্থাপন।
৪. ভবিষ্যতে বহুতল ‘ঋত্বিক কমপ্লেক্স’ নির্মাণ করে সেখানে ‘ঋত্বিক ঘটক চলচ্চিত্র কেন্দ্র’ ও ‘ঋত্বিক ফিল্ম ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা।
৫. কমপ্লেক্সে চলচ্চিত্র বিষয়ক শিক্ষা ও প্রশিক্ষণ, সংগ্রহশালা, সাংস্কৃতিক জাদুঘর, স্টুডিও, সেমিনার হল, সিনেপ্লেক্স, প্রদর্শনী গ্যালারি, গ্রন্থাগারসহ প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করা।
ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির নির্বাহী সদস্য মো. আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় এবং সভাপতি নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা আহসান কবীর লিটনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন—সাধারণ সম্পাদক মো. মাহমুদ হোসেন, জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক নাদিম সিনা, আদিবাসী যুব পরিষদের সভাপতি উপেন রবিদাস, নারী নেত্রী ও সাংস্কৃতিক কর্মী ঈশিতা ইয়াসমিনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি রাজশাহীর বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়। একই সঙ্গে জেলা প্রশাসকের কাছেও স্মারকলিপি প্রদান করা হয়। এর অনুলিপি সংস্কৃতি, ভূমি, তথ্য ও সম্প্রচার এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

