মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার আলো’-এর উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার জিনারদী ইউনিয়নের কুড়াইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৃত্তি পরীক্ষায় পলাশ উপজেলার ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে খাতা মূল্যায়নের মাধ্যমে অংশগ্রহণকারী ১০০ জন শিক্ষার্থীর মধ্য থেকে ভালো ফলাফলকারী ৭ জন এবং অস্বচ্ছল মেধাবী ১৩ জন শিক্ষার্থীকে এক বছরের জন্য শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি পরীক্ষায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীর মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে দুপুর থেকেই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পরীক্ষার্থীদের অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষা করেন এবং পুরো পরিবেশটি এক মিলনমেলায় রূপ নেয়।
পরীক্ষা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে জানায়, বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পেরে তারা আনন্দিত। পরীক্ষা ভালো হয়েছে বলে তারা আশাবাদ ব্যক্ত করে এবং বৃত্তি পাওয়ার প্রত্যাশা জানায়।
অভিভাবক শহীদুল ইসলাম বলেন, মানবতার আলো সংগঠনের এই শিক্ষাবৃত্তি কার্যক্রম নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। তার সন্তান প্রথমবারের মতো এ বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে উল্লেখ করে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা জানান।
অন্য এক অভিভাবক অনন্যা আক্তার বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মেয়ে বৃত্তি পাবে বলে তিনি আশাবাদী এবং নিয়মিত এ উদ্যোগ চালু থাকলে শিক্ষার্থীদের পড়ালেখার আগ্রহ আরও বাড়বে বলে মন্তব্য করেন।
পরীক্ষা কেন্দ্রের সচিব ও কুড়াইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দে বলেন, মানবতার আলো সংগঠনের এই শিক্ষা বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। সংগঠনটি অতীতেও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছে উল্লেখ করে তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানান।
মানবতার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা সোহেল কুমার দে বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও শিক্ষা বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনার লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছে এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

