ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক নেতাদের ওপর ধারাবাহিক সহিংস হামলার প্রতিবাদে এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে আনোয়ারা উপজেলার কালাবিবিদিঘীর মোড়ে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে সমাপ্ত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ চলমান রাজনৈতিক সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান। তারা অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং গত ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে গণসংযোগকালে পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলার মাধ্যমে গুলিবিদ্ধ করা হয়েছে। এই ঘটনাগুলো দেশব্যাপী গণতন্ত্র ও নির্বাচনমুখী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।
বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও ভিন্নমত দমন করার উদ্দেশ্যে এ ধরনের সহিংস হামলা পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। তারা অবিলম্বে এসব হামলার পেছনে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম। তিনি বলেন, “দেশবাসী আজ নিরাপদ রাজনীতি ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছে। সন্ত্রাস, গুলি ও ভয়ভীতি দেখিয়ে জনগণের ভোটাধিকার দমন করা যাবে না। জনগণ এসব ঘটনার জবাব ব্যালটের মাধ্যমে দেবে। হামলাকারীরা যতই শক্তিশালী হোক না কেন, সত্য কখনো চাপা থাকে না। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।”
মিছিলে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান, ব্যানার ও ফেস্টুন বহন করে রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবি জানান।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

