নওগাঁর পত্নীতলায় সড়ক সংস্কারের দাবিতে আবারো মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী। আত্রাই নদী থেকে বালি পরিবহনকারী ড্রাম ট্রাক ও ট্রাক্টর গাড়ি চলাচলের কারণে উপজেলা সদর নজিপুর চকনিরখীন মোড় হতে রাঙ্গামাটি সড়কটি ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়। এতে কাদামাটি ও বালিতে সাধারণ মানুষের চলাচলের জন্য সড়কটি অনিরাপদ এখন।
জানা যায়, গত ২২ জুন উপজেলার নজিপুর-পাটিচরা ইউনিয়নের এম বায়তুল্লাহ স্কুল ও কলেজের সামনে ড্রাম ট্রাক ও ট্রাক্টর অবরোধ করে দেয় ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল বিকেলে আবারো নজিপুর পৌর এলাকার চকনিরখীন মোড়ে স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসীরা সড়কটি সংস্কারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে।
ঘণ্টাকালব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে পত্নীতলা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি মারুফ মোস্তফা, মেহেরাব হোসেনসহ স্থানীয় সচেতন নাগরিকেরা বলেন, ‘ওভারলোড নিয়ে বালি পরিবহনের জন্য সড়কটি ভেঙে যায় ও খানাখন্দের সৃষ্টি হয়। এতে এই বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এমতাবস্থায়, আমরা রাস্তা সংস্কারের দ্রুত দাবি জানাই। সেই সাথে রাস্তা সংস্কারের আগে ৪ চাকার সকল গাড়িতে বালি পরিবহনের জন্য নিষিদ্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’
নিরাপদ সড়ক চাই (নিসচা) পত্নীতলা উপজেলা শাখার সংবাদ সংগ্রহ ও গবেষণা বিষয়ক সম্পাদক ইখতিয়ার উদ্দীন আজাদ বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী স্থানীয় ওই সড়কে একটি গাড়িতে সর্বোচ্চ ৩০ টন পরিবহন করতে পারে। অথচ, এক একটি ড্রাম ট্রাকে ৫০-৮০ টন বালি ভর্তি গাড়ি চালানোর অভিযোগ রয়েছে। এতে ওভারলোড গাড়ি চলাচলে দ্রুত সড়কটি অনিরাপদ হচ্ছে। তাই নিরাপদ সড়কের দাবিতে দ্রুত সড়কটি সংস্কার এবং ওভারলোড গাড়ি চলাচলের জন্য প্রশাসনিক ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।’
একুশে সংবাদ/ন.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

