কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং খাদ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় হোটেল-রেস্তোরাঁ মালিক, রিসোর্ট মালিক, স্থানীয় খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালাটি গাজীপুর জেলা নিরাপদ খাদ্য অফিসার ফারজানা ইয়াসমীন সোনিয়ার সঞ্চালনায় এবং সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য প্রমিতকরণ ও প্রত্যয়ণ সমন্বয় বিভাগের পরিচালক ড. লায়লা আখতার (যুগ্ম সচিব)। বিশেষ অতিথি ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক মো. মুনতাসির হাসান।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মো. মাহমুদুল হাসান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিজওয়ানা রশিদ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বলেন, সুস্থ ও মেধাবী জাতি গঠনের জন্য নিরাপদ খাবারের বিকল্প নেই। খাদ্য ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য আইন মেনে চলা ও খাবার নিরাপদ রাখতে সচেতন ও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

