লক্ষ্মীপুরের রায়পুরে কলেজ পড়ুয়া হিন্দু ভাতিজিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একই উপজেলার ঝাউডুগি সরকার প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক রুপম মজুমদারের (৪৮) বিরুদ্ধে। ঘটনা ঘটেছে হায়দরগঞ্জ বাজারের ওই শিক্ষক রুপমের ভাড়া বাসায়।
এ ঘটনায় মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে রুপমকে আসামি করে রায়পুর থানায় ছাত্রীর মা বাদি হয়ে মামলা করেছেন। রুপম একই গ্রামের স্বপন কুমার মজুমদারের ছেলে। এ ঘটনা জানাজানি হওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। এর সঙ্গে জড়িত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা। এদিকে এ ঘটনার পর থেকে ওই স্কুল শিক্ষক পলাতক রয়েছে।
তবে অভিযোগের ব্যাপারে স্কুল শিক্ষক রুপম মজুমদার মোবাইলে বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগ সত্য নয়। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। মেয়েটি আমার জেঠাতো ভাইয়ের মেয়ে (ভাতিজি) ঢাকার একটি কলেজের প্রথম বর্ষের ছাত্রী । সে গত দুইদিন ধরে আমার মোটরসাইকেলে চড়ে মন্দিরে মন্দিরে ঘুরেছে। আমরা আড্ডা দিয়েছি এবং খাবারও খেয়েছি। কেন এমন মিথ্যা অভিযোগ আনলো বলতে পারছিনা।
স্কুল ছাত্রীর মায়ের ভাষ্য, স্কুলের শিক্ষক রুপম মজুমদার আমার চাচাত দেবরের হয়। আমাদের কলেজ পড়ুয়া মেয়েটি পুজার ছুটিতে বাড়ীতে বেড়াতে আসছে। এ সুযোগে সহকারী শিক্ষক রুপম মেয়েটিকে বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করে কৌশলে হায়দরগঞ্জ তার ভাড়া বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় চিৎকার দিলে স্থানীয় লোকজন যাওয়ার আগেই সে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালীরা ও স্কুল কমিটি চেষ্টা চালিয়ে যাচ্ছে অভিযোগ উঠেছে।
রায়পুরের সহকারি পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ শাদী বলেন, ঘটনাস্থলে পরিদর্শন করেছি। কলেজ ছাত্রীর মা বাদি হয়ে মামলা দিয়েছেন। অভিযুক্ত শিক্ষক রুপম মজুমদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
একুশে সংবাদ/স ক



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

