পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে কার্যকর বাজার মনিটরিং জোরদারের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। তাই বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরীর এক বিশেষ কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন, সংযম ও সহমর্মিতার মাস। এ মাসে সিয়াম সাধনার মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা, সততা ও দায়িত্ববোধ জাগ্রত হয়। রমজানের শিক্ষাকে ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারলে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব।
তিনি আরও বলেন, রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। বাজারে অস্থিতিশীলতা, অসাধু মজুতদারি ও সিন্ডিকেটের প্রভাবে জনমনে উদ্বেগ বিরাজ করছে।
দ্রব্যমূল্য সহনীয় রাখতে কার্যকর বাজার মনিটরিং জোরদার, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক ও ডা. সিদ্দিকুর রহমান।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

