চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালে আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চলমান শুনানির পর আগামী ১৯ জানুয়ারি চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেছেন আদালত।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে আদালতের বিচারক জাহিদুল হক এই আদেশ দেন। মামলার ২২ জন আসামিকে আদালতে হাজির করা হলেও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণকে নিরাপত্তার কারণে আদালতে আনা হয়নি।
শুনানিতে আসামিপক্ষ অভিযোগ করে বলেন, বিচার কার্যক্রম পরিচালনার জন্য তারা আইনজীবী নিয়োগে সমস্যার মুখোমুখি হচ্ছেন। এ প্রেক্ষিতে বিচারক প্রয়োজনে রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী নিয়োগের আশ্বাস দেন।
আদালতের আদেশে আগামী ১৯ জানুয়ারি চিন্ময় কৃষ্ণকে হাজির করার পাশাপাশি একই দিনে মামলার চার্জ গঠন কার্যকর করা হবে।
উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণকে আদালতে হাজির করার সময় তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নিহত হন। এই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় মোট ৩৯ জনকে আসামি করে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

