চট্টগ্রামে টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে রেললাইনের ওপর পানি জমে যাওয়ায় কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে চট্টগ্রামের ষোলশহর স্টেশন এলাকায় রেললাইনে পানি জমে গেলে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে ট্রেনটি ষোলশহর স্টেশন এলাকা অতিক্রম করার সময় ভারী বৃষ্টিতে রেললাইন পানির নিচে তলিয়ে যায়। ইঞ্জিনে পানি প্রবেশ করে যান্ত্রিক ত্রুটি বা দুর্ঘটনার ঝুঁকি এড়াতে চালক ট্রেনটি থামিয়ে দেন। এরপর থেকে ট্রেনটি ওই এলাকাতেই আটকা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই ট্রেনটি সাময়িকভাবে থামিয়ে রাখা হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। রেলওয়ে কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।
যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটিকে পেছনে টেনে চট্টগ্রাম স্টেশনে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কক্সবাজারগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে নিরাপদে ট্রেন চলাচল পুনরায় শুরু করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

