রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে দুর্বৃত্তরা এই আগুন দেয় বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত ৭টা ৪২ মিনিটে আগুনের খবর পান তারা। এরপর দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট পাঠানো হয়। তাদের সম্মিলিত চেষ্টায় রাত ৮টা ১৩ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পাওয়ার পরপরই আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হন।"
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের এই ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত, সে বিষয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

