ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ও আইকিউএসি (IQAC)-এর পরিচালক ড. মোহাম্মদ নাজিমউদ্দিনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘নোফেল ছাত্রকল্যাণ ফোরাম’।
বুধবার (৮ জুলাই) রাতে সংগঠনটির সভাপতি শাহজাদা ইয়ামিনের স্বাক্ষরিত এক বিবৃতিতে ঘটনার প্রতি ক্ষোভ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ জানান, অধ্যাপক ড. মোহাম্মদ নাজিমউদ্দিন তাদের সংগঠনের সম্মানিত উপদেষ্টা। একটি অশুভ চক্র পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ উত্থাপন করেছে। তাঁর দীর্ঘ কর্মজীবনের সততা, নিষ্ঠা ও আদর্শের অনন্য দৃষ্টান্তকে কলঙ্কিত করতেই একটি মহল অসাধু ফায়দা হাসিলের উদ্দেশ্যে এই অপচেষ্টা চালাচ্ছে।
সংগঠনটির দাবি, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ওই অভিযোগে যেসকল শিক্ষার্থীদের ভুক্তভোগী হিসেবে উল্লেখ করা হয়েছে, তাদের অনেকেই এ বিষয়ে সম্পূর্ণ অজ্ঞাত।
তাদের ব্যক্তিগত অনুমতি ছাড়াই নম্বরপত্র সংগ্রহ করে অভিযোগপত্রের সঙ্গে সংযুক্ত করা হয়েছে, যা অনৈতিক এবং আইনত দণ্ডনীয় অপরাধ। ভুক্তভোগী হিসেবে নাম থাকা শিক্ষার্থীরা ইতিমধ্যে জানিয়েছেন যে, তারা এ ধরনের কোনো অভিযোগের সাথে জড়িত নন।
নেতৃবৃন্দ আরও বলেন, একজন ছাত্রবান্ধব ও নিষ্ঠাবান শিক্ষক হিসেবে ড. নাজিমউদ্দিনের অবদান সর্বজনবিদিত। বিভাগে দায়িত্ব পালনের পাশাপাশি আইকিউএসি পরিচালক হিসেবেও তিনি সফলতার স্বাক্ষর রেখেছেন। স্বার্থান্বেষী কুচক্রী মহল হীন উদ্দেশ্যে তাঁর সুনাম ক্ষুণ্ণ করতে এই অপতৎপরতায় লিপ্ত হয়েছে।
এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নোফেল ছাত্র কল্যাণ ফোরাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে যেন, অনুমতি ছাড়া অন্যের ব্যক্তিগত তথ্য ও নম্বর ব্যবহার করে ভুয়া অভিযোগ তৈরি কারীদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

