গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও বিস্ফোরণের শব্দে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বরাতে জানা যায়, মঙ্গলবার রাতে প্রায় পৌনে ১০টার দিকে দুটি মোটরসাইকেলে করে আসা চারজন দুর্বৃত্ত প্রধান ফটকের সামনে ককটেল ছুড়ে দ্রুত শহরের দিকে পালিয়ে যায়।
বিস্ফোরণের বিকট শব্দে মুহূর্তের মধ্যে পুরো ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
ককটেল বিস্ফোরণের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবসহ প্রশাসনের দায়িত্বশীলরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এ ঘটনায় কোনো ধরনের জানমাল ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

