লাখো শহিদের স্মরণে ১৬ কিলোমিটার ম্যারাথন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মানিক রহমান।
মঙ্গলবার (১৬ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ভোর সাড়ে ৪ ম্যারাথন শুরু করেন তিনি। ৮ কিলোমিটার অতিক্রম করে বৃত্তিপাড়া বাজারের কাছাকাছি গিয়ে পুনরায় ক্যাম্পাসের শহিদ মিনারে এসে ম্যারাথন শেষ করেন তিনি।
মানিক রহমান বলেন, "আজ এক অবিস্মরণীয় দিন-যেদিন আমরা আমাদের জাতির সূর্যসন্তানদের রক্তের বিনিময়ে এবং মা-বোনের ইজ্জতের বিনিময়ে পাক হানাদার বাহিনীর হাত থেকে অখণ্ড মাতৃভূমি অর্জন করেছি। শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সব বীর শহিদদের-তারাই জাতির প্রকৃত সূর্যসন্তান।"
তিনি আরো বলেন, "স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও আমরা এখনো ভারতীয় করদ-রাষ্ট্রের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হতে পারিনি। তারই ফলশ্রুতিতে আজ আমাদের ভাই শরীফ ওসমান হাদীকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে হয়েছে।
আজ আমরা সেই সব সূর্যসন্তানদেরও স্মরণ করি, যারা ’২৪-এর ছাত্র-জনতার বিপ্লবে আত্মত্যাগ করে আমাদের মাতৃভূমিকে স্বৈরাচারমুক্ত করেছেন। দেশকে ভালোবাসি, দেশের মাটি ও মানুষকে ভালোবাসি, দেশের মধ্যবিত্ত শ্রেণির অর্থনৈতিক উন্নয়ন করি এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাই।"
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

