ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে আজ মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করতে হলে কার্লো আনচেলত্তির শিষ্যদের শুধু শক্তিশালী প্রতিপক্ষকেই নয়, ভাঙতে হবে একটি অস্বস্তিকর পরিসংখ্যানও।
আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও নরওয়ে। এই চার দেখায় একবারও জয় পায়নি সেলেসাওরা। দুটি ম্যাচ ড্র হয়েছে, আর বাকি দুটি জিতেছে নরওয়ে। এর মধ্যে ১৯৯৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল স্ক্যান্ডিনেভিয়ান দলটি।
ব্রাজিলের জন্য আরেকটি দুশ্চিন্তার কারণ ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে নকআউট পর্বের রেকর্ড। ২০০২ বিশ্বকাপের ফাইনালে জার্মানিকে হারিয়ে শিরোপা জয়ের পর বিশ্বকাপের নকআউটে আর কোনো ইউরোপীয় দলের বিপক্ষে জয় পায়নি তারা। দীর্ঘদিনের সেই অপেক্ষা শেষ করার সুযোগ রয়েছে আজকের ম্যাচে।
তবে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে একাদশে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। কার্ডজনিত নিষেধাজ্ঞা ও চোটের কারণে লুকাস পাকেতা দলে না থাকায় তার জায়গায় গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে শুরুর একাদশে দেখা যেতে পারে। যদিও প্রস্তুতি অনুশীলনে দানিলো সান্তোসকেও ওই ভূমিকায় পরীক্ষা করেছেন ব্রাজিলের এই ইতালিয়ান কোচ।
এ ছাড়া মূল একাদশে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কম। চোট কাটিয়ে দলে ফিরেছেন রাফিনিয়া। তবে পুরোপুরি সুস্থ হলেও তাকে শুরু থেকে খেলানোর সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে বার্সেলোনার এই উইঙ্গারকে বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করতে হতে পারে।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
আলিসন বেকার; দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (অথবা দানিলো সান্তোস); রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র ও মাথেউস কুনিয়া।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

