AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় প্যারাগুয়ে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:০৪ এএম, ৩০ জুন, ২০২৬

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় প্যারাগুয়ে

বিশ্বকাপে বড় অঘটনের জন্ম দিল প্যারাগুয়ে। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর টাইব্রেকারে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ৪-৩ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার দলটি।

মঙ্গলবার বোস্টনের স্টেডিয়ামে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট শেষে স্কোর ছিল ১-১। এরপর ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে, যেখানে নায়ক বনে যান প্যারাগুয়ের গোলরক্ষক অরলান্ডো গিল।

টাইব্রেকারের শুরুতেই সুবিধা আদায় করে নেয় প্যারাগুয়ে। জার্মানির প্রথম শট নিতে আসা কাই হাভার্টজের প্রচেষ্টা বাঁদিকে ঝাঁপিয়ে রুখে দেন গিল। পরে নিক ওলটেমাডেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন।

অন্যদিকে, জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারও আন্তোনিও সানাব্রিয়া ও ফ্যাবিয়ান বালবুয়েনার শট ঠেকিয়ে দলকে লড়াইয়ে ফেরান। প্রথম পাঁচ শট শেষে দুই দলের স্কোর দাঁড়ায় ৩-৩।

সাডেন ডেথে জার্মানির জোনাথান তাহ পেনাল্টি মিস করলে সুযোগ পেয়ে যান হুয়ান ক্যানালে। শেষ শটে জোরালো ফিনিশিংয়ে গোল করে প্যারাগুয়েকে ঐতিহাসিক জয় এনে দেন তিনি।

এর আগে ম্যাচে প্রথমার্ধের শেষদিকে এগিয়ে যায় প্যারাগুয়ে। ৪২তম মিনিটে জর্জ কাসেরেসের দারুণ বল দখল এবং মিগুয়েল আলমিরন–মাতিয়াস গালারজার চমৎকার সমন্বয়ের পর গালারজার নিখুঁত ক্রসে হেড করে জুলিও এনসিসো বল জালে পাঠান। ম্যানুয়েল নয়্যারের কোনো সুযোগ ছিল না।

বিরতির পর আক্রমণের গতি বাড়ায় জার্মানি। ৫৪তম মিনিটে ফ্লোরিয়ান ভির্টজের বাড়ানো বলে কাই হাভার্টজ নিখুঁত ফ্লিকে গোল করে সমতা ফেরান।

এরপর দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে খেললেও আর কোনো গোল হয়নি। অতিরিক্ত সময়ের ১০৫তম মিনিটে জোনাথান তাহের হেডে জার্মানি জাল খুঁজে পেলেও, ভিএআর পর্যালোচনায় গোলটি বাতিল হয়। রিপ্লেতে দেখা যায়, গোলের আগে ওয়াল্ডেমার আন্তন প্যারাগুয়ের গোলরক্ষককে অবৈধভাবে বাধা দিয়েছিলেন।

শেষ পর্যন্ত টাইব্রেকারের রোমাঞ্চে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে জায়গা করে নেয় প্যারাগুয়ে। পরের রাউন্ডে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স ও সুইডেন ম্যাচের বিজয়ী দল।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!