AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন ৬ জন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৫১ পিএম, ২৩ মে, ২০২৬

বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন ৬ জন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামী ৭ জুন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভোটের আগেই ছয় কাউন্সিলরের পরিচালক পদ নিশ্চিত হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হওয়ার বিধান রয়েছে। এসব বিভাগে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দেওয়ায় তারা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হচ্ছেন।

এ ছাড়া ঢাকা বিভাগে তিনজন মনোনয়ন জমা দিলেও একজনের মনোনয়ন বাতিল হওয়ায় বাকি দুই প্রার্থীর পরিচালক হওয়া নিশ্চিত হয়েছে।

বিশেষ সংস্থা ও সাবেক ক্রিকেটারদের জন্য নির্ধারিত ক্যাটাগরি-৩ থেকেও একমাত্র বৈধ প্রার্থী হিসেবে সিরাজউদ্দিন মো. আলমগীর পরিচালক পদ পাচ্ছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া ব্যক্তিরা হলেন— সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আব্দুল কাইয়ুম চৌধুরি, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার মীর শাকরুল আলম সীমান্ত, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সল আমীন, ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ এবং ক্যাটাগরি-৩ থেকে সিরাজউদ্দিন মো. আলমগীর।

অন্যদিকে, গোপালগঞ্জ ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হওয়া জসিম উদ্দিন খান খসরুর মনোনয়ন বাতিল করা হয়েছে। বিসিবি জানিয়েছে, জমা পড়া ৩৩টি মনোনয়নের মধ্যে ৩২টি বৈধ হিসেবে বিবেচিত হয়েছে।

এবারের নির্বাচনে বিভিন্ন বিভাগে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চট্টগ্রাম বিভাগে পরিচালক পদের জন্য মিনহাজুল আবেদীন নান্নু, মইন উদ্দিন চৌধুরি ও শরিফুল ইসলাম লড়বেন। সেখান থেকে নির্বাচিত হবেন দুইজন।

খুলনা বিভাগে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন শফিকুল আলম, শান্তনু ইসলাম ও আব্দুস সালাম। বরিশাল বিভাগে একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরি।

ক্লাব ক্যাটাগরিতে ১২টি পদের বিপরীতে লড়বেন ১৮ কাউন্সিলর। প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ আরও কয়েকজন পরিচিত ক্রীড়া সংগঠক।

নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, আগামী ২৪ মে মনোনয়ন নিয়ে আপত্তি ও শুনানি অনুষ্ঠিত হবে। এরপর ২৫ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!