AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবোলা আতঙ্কে বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প বাতিল করল কঙ্গো


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৩৬ এএম, ২২ মে, ২০২৬

ইবোলা আতঙ্কে বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প বাতিল করল কঙ্গো

দেশের পূর্বাঞ্চলে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় ফিফা ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প বাতিল করেছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো)। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী রাজধানী কিনশাসায় এই অনুশীলন ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ইবোলার সংক্রমণে আফ্রিকান দেশটিতে ইতোমধ্যে ১৩০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) দক্ষিণ কিভু প্রদেশে নতুন করে একজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। এতে বোঝা যাচ্ছে, সংক্রমণ এখন মূল উৎপত্তিস্থল ছাড়িয়ে নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে।

পরিস্থিতি বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই প্রাদুর্ভাবকে ‘আন্তর্জাতিক উদ্বেগের কারণ হতে পারে এমন জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ হিসেবে ঘোষণা করেছে। তবে সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি এখনও বৈশ্বিক মহামারির পর্যায়ে পৌঁছায়নি।

কঙ্গো ফুটবল দলের এক মুখপাত্র জানিয়েছেন, ১৯৭৪ সালের পর এবারই প্রথম দেশটি ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। কিন্তু উদ্ভূত পরিস্থিতির কারণে ঘরের মাঠের প্রস্তুতি ক্যাম্প বাতিল করে তা বেলজিয়ামে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলের মুখপাত্র জেরি কালেমো বলেন, ঘরের মাঠে ক্যাম্প না হলেও ইউরোপে নির্ধারিত প্রীতি ম্যাচগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ মিশনের আগে ৩ জুন বেলজিয়ামে ডেনমার্কের বিপক্ষে এবং ৯ জুন স্পেনে চিলির বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে কঙ্গো। এরপর ১৭ জুন যুক্তরাষ্ট্রের হিউস্টনে পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ‘দ্য লেপার্ডস’।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কঙ্গো ফুটবল দল জানিয়েছে, আগামী ২৬ মে রাজধানী কিনশাসায় দর্শকদের উপস্থিতিতে একটি উন্মুক্ত অনুশীলন সেশন হওয়ার কথা ছিল। তবে উত্তর কিভু ও ইতুরি প্রদেশে সন্দেহভাজন ইবোলা রোগী শনাক্ত হওয়ায় সেটিও বাতিল করা হয়েছে।

এদিকে কঙ্গো ফুটবল ফেডারেশন জানিয়েছে, ক্যাম্প বাতিলের পেছনে যুক্তরাষ্ট্রের কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞাও বড় কারণ। মার্কিন জনস্বাস্থ্য বিভাগ ঘোষণা দিয়েছে, গত ২১ দিনের মধ্যে কঙ্গো, উগান্ডা বা দক্ষিণ সুদানে অবস্থান করা অ-মার্কিন নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বিধিনিষেধ থাকবে।

যদিও কঙ্গো জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক ক্লাবে খেলেন, ফলে তাদের ওপর এই নিষেধাজ্ঞার প্রভাব পড়বে না। তবে কঙ্গো থেকে বিশ্বকাপ দেখতে যেতে ইচ্ছুক সমর্থক ও সাংবাদিকরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। ইবোলা পরিস্থিতির কারণে কঙ্গোতে মার্কিন দূতাবাস সাময়িকভাবে ভিসা কার্যক্রম স্থগিত করেছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির জাতীয় টেলিভিশনের এক ক্রীড়া সাংবাদিক। তিনি বলেন, “যেখানে প্রাদুর্ভাবের কেন্দ্র ইতুরি প্রদেশ রাজধানী কিনশাসা থেকে প্রায় ১ হাজার ৮০০ কিলোমিটার দূরে এবং রাজধানীতে এখনো কোনো রোগী শনাক্ত হয়নি, সেখানে পুরো দেশের ওপর কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে?”

কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পরিস্থিতি আরও জটিল হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেখানে ১৩৯ জনের মৃত্যুর কথা বলেছে, সেখানে দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা জানিয়েছেন, মৃতের সংখ্যা ইতোমধ্যে ১৫৯ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এবারের প্রাদুর্ভাবের জন্য দায়ী ইবোলার বিরল ‘বুন্দিবুগিও’ প্রজাতি। বর্তমানে এই ধরনের কোনো কার্যকর ভ্যাকসিন নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সম্ভাব্য টিকা তৈরি ও পরীক্ষামূলক কার্যক্রম শেষ হতে অন্তত নয় মাস সময় লাগতে পারে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!