সিলেট টেস্টে ইনিংসের শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয় কোনো রান না করেই সাজঘরে ফিরেছেন।
পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাসের করা ইনিংসের দ্বিতীয় বলেই আউট হন জয়। অফ স্টাম্পের বাইরে করা বল খোঁচা দিতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন তিনি। ফলে দলীয় কোনো রান যোগ হওয়ার আগেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
মিরপুর টেস্টেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন মাহমুদুল জয়। সেই ম্যাচে প্রথম ইনিংসে ৮ এবং দ্বিতীয় ইনিংসে ৫ রান করেছিলেন এই ওপেনার। সিলেটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও সেটি আর সম্ভব হয়নি তার জন্য।
জয়ের বিদায়ের পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন মুমিনুল হক। অন্য প্রান্তে রয়েছেন টেস্ট অভিষেক হওয়া ওপেনার তানজিদ হাসান তামিম।
এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এই ম্যাচ দিয়েই সাদা পোশাকে অভিষেক হয়েছে বাঁহাতি ব্যাটার তানজিদ হাসানের। ম্যাচ শুরুর আগে তাকে অভিষেক ক্যাপ তুলে দেন মুশফিকুর রহিম।
চোটের কারণে বাংলাদেশ দলে নেই সাদমান ইসলাম। এছাড়া বাদ পড়েছেন পেসার এবাদত হোসেন। দলে ফিরেছেন শরিফুল ইসলাম।
অন্যদিকে পাকিস্তান একাদশে এসেছে তিনটি পরিবর্তন। দলে ফিরেছেন বাবর আজম, সাজিদ খান ও খুররম শেহজাদ। বাইরে গেছেন ইমাম উল হক, নোমান আলি ও শাহীন শাহ আফ্রিদি।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ
আজান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, খুররম শেহজাদ, সাজিদ খান, হাসান আলি ও মোহাম্মদ আব্বাস।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

