স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও বিশেষ টি-টোয়েন্টি প্রদর্শনী ম্যাচ আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ম্যাচটিতে মোহাম্মদ আশরাফুল-মোহাম্মদ রফিকদের বিসিবি লাল দল আবদুর রাজ্জাক-শাহরিয়ার নাফিসদের সবুজ দলকে রীতিমত উড়িয়ে দিয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সবুজ দলকে ১২৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে লাল দল। তাদের ২১৪ রানের জবাবে মাত্র ৯০ রানেই থামে সবুজ দলের ইনিংস। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা নির্বাচিত হন লাল দলের রফিক।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে লাল দল। লাল দলের ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ৮৪ রান করেন নাসিরউদ্দিন ফারুকি। এ ছাড়া মোহাম্মদ রফিক ২৪ বলে ৫০ এবং ডলার মাহমুদ করেন ৯ বলে ২৭ রান। সবুজ দলের হয়ে ২ উইকেট নিয়েছেন ফয়সাল হোসেন ডিকেন্স।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় সবুজ দল। কোনো রান না করেই বিদায় নেন ওপেনার হান্নান সরকার।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন শাহরিয়ার নাফিস। শেষদিকে আব্দুর রাজ্জাকের ১৮ রান ছাড়া সবুজ দলের আর কেউই দুই অঙ্কের ঘরে ছুঁতে পারেননি।
মূলত ইলিয়াস সানি ও রফিকের ঘূর্ণিতে দিশেহারা হয়েছেন তুষার ইমরান ও নাদিফ চৌধুরিররা। ইলিয়াস সানি ৫ উইকেট এবং রফিক ৪ উইকেট শিকার করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

