এএফসি নারী এশিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শেষে অস্ট্রেলিয়াতেই আশ্রয় চেয়েছিল ইরানের বেশ কয়েকজন নারী ফুটবলার। তবে, সেই আশ্রয় চাওয়ার ঘটনার পরও অবশেষে দেশে ফিরে এসেছে ইরান নারী ফুটবল দল।
ইরানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, দলটি অস্ট্রেলিয়া থেকে তুরস্ক হয়ে স্থলপথে নিজ দেশে প্রবেশ করেছে।
ভিডিওচিত্রে দেখা যায়, খেলোয়াড়রা তুরস্ক থেকে বাসে করে সীমান্তে পৌঁছান এবং সেখানে কিছু সরকারি কর্মকর্তা তাদের স্বাগত জানান।
তবে দলের সবাই ফেরেননি। দুই ফুটবলার- ফাতেমেহ পাসান্দিদেহ ও আতেফেহ রামেজেনিসাদেহ অস্ট্রেলিয়াতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা বর্তমানে ব্রিসবেন রোর ক্লাবের সঙ্গে অনুশীলন করছেন।
জানা গেছে, আরও কয়েকজন খেলোয়াড় শুরুতে আশ্রয় নেওয়ার আগ্রহ প্রকাশ করলেও পরে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে দেশে ফেরার পথ বেছে নেন।
নারী এশিয়া কাপ খেলতে দলটি অস্ট্রেলিয়ায় গিয়েছিল। টুর্নামেন্ট শুরুর কিছুদিন আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা করে। যাতে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় পুরো দলই উদ্বেগের মধ্যে ছিল।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

