বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে মন্ত্রী করা হচ্ছে—এমন গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। টেকনোক্র্যাট কোটায় বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় তার দায়িত্ব পাওয়ার যে আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, সে বিষয়ে স্পষ্ট অবস্থান জানান তামিম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। এরই মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তামিম ইকবালের নাম উঠে আসে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। যদিও তিনি নিজে সংসদ নির্বাচনে অংশ নেননি।
গুঞ্জনের প্রতিক্রিয়ায় তামিম ইকবাল তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানান, তাকে ঘিরে প্রচারিত খবরগুলো সম্পূর্ণ মিথ্যা। তিনি লেখেন, সারাদিন ধরে তার বিষয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও সংবাদ চোখে পড়েছে, তবে এ ধরনের কোনো প্রস্তাব তিনি পাননি। ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, নির্বাচনের আগে ও প্রচারণাকালে কয়েকজন বিএনপি প্রার্থীর সঙ্গে তামিম ইকবালকে দেখা গেলেও দলীয় বা সরকারি কোনো দায়িত্বে তাকে যুক্ত করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে একই ধরনের গুঞ্জন ছড়িয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামের নাম নিয়েও। নির্বাচনে অংশ নিয়ে জয়ী না হলেও তাকেও টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করা হতে পারে—এমন আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এ নিয়েও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি।
প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৯ আসনে জীবনে প্রথমবার ভোট দেন তামিম ইকবাল। ভোট দেওয়ার পর তিনি জানিয়েছিলেন, শান্তিপূর্ণ পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে ভালো লেগেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

