AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:০৭ এএম, ২৩ জুন, ২০২৬

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

লিওনেল মেসির দুর্দান্ত জোড়া গোলে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২-এ ওঠার টিকিট কেটে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

সোমবার (২২ জুন) অনুষ্ঠিত ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করে হতাশায় পড়লেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়ান আর্জেন্টাইন অধিনায়ক। দুটি গোল করে দলকে জয় উপহার দেওয়ার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসেও নতুন রেকর্ড গড়েন তিনি।

ম্যাচের শুরুতেই লাউতারো মার্তিনেজকে ডি-বক্সে ফাউল করা হলে ভিএআর পর্যালোচনার পর পেনাল্টির নির্দেশ দেন রেফারি। ৮ম মিনিটে স্পট কিক নিতে এগিয়ে আসেন মেসি। তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে আর্জেন্টিনা।

এরপর একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। ৩৮তম মিনিটে অবশেষে কাঙ্ক্ষিত গোল আসে। আক্রমণভাগে নিজেই আক্রমণ গড়ে তুলে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান মেসি। এই গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৭-তে উন্নীত করেন এবং জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড অতিক্রম করেন।

প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে আর্জেন্টিনা। এনজো ফের্নান্দেস, নিকোলাস গঞ্জালেস ও জুলিয়ান আলভারেস একাধিক আক্রমণ চালালেও ব্যবধান বাড়াতে পারেননি।

তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আরেকবার জ্বলে ওঠেন মেসি। দ্রুতগতির পাল্টা আক্রমণে জুলিয়ান আলভারেসের শট প্রতিহত করেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেক্সান্ডার শ্লাগার। ফিরতি বল পেয়ে প্রথম চেষ্টায় বাধার মুখে পড়লেও দ্বিতীয় শটে বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই জয়ের ফলে গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি থাকতেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। পাশাপাশি বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেছেন মেসি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!