ঢাকার দুই সিটি করপোরেশনের কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগের প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে তিনি চাঁদাবাজি, বাজার সিন্ডিকেট, মাদক ব্যবসা ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের বাস্তব চিত্র দেখতে প্রধানমন্ত্রীর প্রতি ছদ্মবেশে মাঠপর্যায়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২৯ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস আলম এ মন্তব্য করেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, রাজধানীর বিভিন্ন এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রমের প্রকৃত অবস্থা জানতে প্রধানমন্ত্রী কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই সরেজমিনে পরিদর্শনে যান। এ সময় অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
সারজিস আলম বলেন, বর্জ্য ব্যবস্থাপনার সমস্যার জন্য শুধু কয়েকজন কর্মকর্তা নয়, বরং একটি বৃহত্তর প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো দায়ী। তবুও বাস্তব পরিস্থিতি জানতে মাঠপর্যায়ে গিয়ে পরিদর্শন করার উদ্যোগকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।
তিনি লেখেন, “প্রকৃতপক্ষে যে সামষ্টিক সিস্টেম এটার জন্য দায়ী, তারা সবাই শাস্তি না পেলেও এই উদ্যোগ প্রশংসনীয়। এজন্য জনাব তারেক রহমানকে ধন্যবাদ।”
এনসিপির এই নেতা মনে করেন, নাগরিক সেবার মানোন্নয়ন ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে শীর্ষ পর্যায়ের এমন আকস্মিক পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে তিনি বলেন, শুধু বর্জ্য ব্যবস্থাপনা নয়, সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলা আরও কিছু গুরুতর সমস্যার প্রতিও সরকারের নজর দেওয়া প্রয়োজন।
পোস্টের শেষাংশে সারজিস আলম লেখেন, “ঠিক একই কায়দায় সমাজে জেঁকে বসা অবৈধ চাঁদাবাজি, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট, মাদকের মরণব্যাধি ব্যবসা এবং দলীয় নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহারের যে বলয় গড়ে উঠেছে, সেগুলোতেও মাননীয় প্রধানমন্ত্রীকে ছদ্মবেশে ঘুরে বাস্তব অভিজ্ঞতা গ্রহণের সবিনয় আহ্বান জানাচ্ছি।”
তিনি আশা প্রকাশ করেন, এসব খাতে কার্যকর ব্যবস্থা নেওয়া গেলে সাধারণ মানুষ তার সুফল ভোগ করবে এবং সুশাসন প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

