আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
শুক্রবার (১ মে) দুপুর আড়াইটায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঢাকায় মে দিবস উপলক্ষে এটিই তার প্রথম শ্রমিক সমাবেশে অংশগ্রহণ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাবেশের বিস্তারিত তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা ও আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক শ্রমিক ও নেতাকর্মীর উপস্থিতি আশা করছে দলটি।
নজরুল ইসলাম খান জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারাও বক্তব্য দেবেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণে বিলম্ব, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বৃদ্ধি, শ্রমবাজার সংকোচন এবং শিক্ষিত বেকারত্ব বৃদ্ধি—এসব বিষয় বর্তমানে শ্রমজীবী মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন ক্ষেত্রে সরাসরি নিয়োগ কমিয়ে আউটসোর্সিং বাড়ানোর ফলে কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হয়েছে। একই সঙ্গে পাটসহ রপ্তানিমুখী খাত ক্ষতিগ্রস্ত হওয়া এবং বিদেশি পণ্যের ওপর নির্ভরতা বাড়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।
সমাবেশ থেকে শ্রমিকদের বিভিন্ন দাবি তুলে ধরা হবে বলে জানান নেতারা। এর মধ্যে রয়েছে ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবি।
এদিকে সমাবেশ ঘিরে অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন নাগরিক সুবিধার ব্যবস্থাও রাখা হয়েছে। জরুরি সেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্স চলাচলের ব্যবস্থা, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ভ্রাম্যমাণ টয়লেট স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

