আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার এই ভাষণ সম্প্রচার করবে বলে জানা গেছে।
এ ছাড়া আজই জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তার ভাষণও বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারের কথা রয়েছে।
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ আজ সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বিটিভিতে সম্প্রচার করা হবে। অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, দলটির আমির ডা. শফিকুর রহমান রাত ৯টায় জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।
উল্লেখ্য, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে রাজনৈতিক দলগুলোর দলীয় বক্তব্য ৮ ও ৯ ফেব্রুয়ারি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিভিশন।
এর আগে, রোববার জাতির উদ্দেশে ভাষণ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

