বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সারাদেশে ধানের শীষের পক্ষে জনসমর্থনের জোয়ার দেখে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কেউ যদি নির্বাচন বন্ধের চেষ্টা করে, তাহলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী পৌরসভার বড় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি জাতি পুনর্গঠনের নির্বাচন। জনগণের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে আনার নির্বাচন। আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। সে লক্ষ্যেই ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড় অঞ্চলকে শিল্পাঞ্চলে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, নীলফামারী একটি কৃষিপ্রধান জেলা। বিএনপি ক্ষমতায় এলে এ জেলাকে আধুনিক কৃষি হাব হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় অবকাঠামো দ্রুত সম্পন্ন এবং সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে।
তারেক রহমান অভিযোগ করে বলেন, গত ১৬ বছর ধরে স্বৈরাচারী শাসনব্যবস্থায় জনগণের স্বার্থ উপেক্ষিত হয়েছে। বিএনপি জনগণের সরাসরি সমর্থন নিয়ে সরকার গঠন করতে চায় এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করবে।
নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, নারীদের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত না করলে দেশ এগোবে না। নারীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে এবং প্রত্যেক নারীর কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করে সহজ ঋণের ব্যবস্থা করা হবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ এবং এনজিও থেকে নেওয়া ক্ষুদ্রঋণের বোঝা সরকার বহন করবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও বলেন, কৃষিনির্ভর এই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা হবে। জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি দেশ পুনর্গঠনের কাজ করতে চায়।
জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইফুল্লাহ রুবেল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

