বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, উত্তরবঙ্গকে কৃষিশিল্পের রাজধানীতে রূপান্তর করা হবে। এর মাধ্যমে যুবক-যুবতী, নারীসহ সব শ্রেণির মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং কেউ বেকার থাকবে না। কৃষি বিপ্লবের মাধ্যমে দেশের প্রতিটি মানুষ কাজের সুযোগ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রামে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির।
তিনি বলেন, কৃষির উন্নয়নের মধ্য দিয়েই দেশের টেকসই অগ্রগতি সম্ভব। শুধু কৃষিকাজেই সীমাবদ্ধ নয়—এই অঞ্চল থেকেই ভবিষ্যতের জাতীয় নেতৃত্বও তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।
কুড়িগ্রামের নদীভাঙন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জেলার তিনটি নদী এখানকার মানুষের দুঃখের কারণ। প্রতি বছর বর্ষা এলেই মানুষের দুশ্চিন্তা বাড়ে। নদীভাঙন রোধে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার হয়নি বলে অভিযোগ করে তিনি বলেন, এসব অর্থ লুটপাট ও বিদেশে পাচার করা হয়েছে। ক্ষমতায় এলে এসব অনিয়মের জবাবদিহি নিশ্চিত করা হবে।
তিনি কুড়িগ্রামকে দেশের সবচেয়ে বঞ্চিত জেলা উল্লেখ করে বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে উন্নয়নের সূচনা হবে এই কুড়িগ্রাম থেকেই।
নারীদের নিরাপত্তা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। যে দেশে মায়ের নিরাপত্তা নেই, সে দেশ কখনো আদর্শ রাষ্ট্র হতে পারে না। জাত-ধর্ম নির্বিশেষে নারীদের সম্মান ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব—এ দায়িত্ব জামায়াত পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

