AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:২৫ পিএম, ১৮ জানুয়ারি, ২০২৬

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় জুলাই গণ-আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে আলাদা একটি বিভাগ গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ ও গুরুতর আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধা ও শহীদ পরিবারের কষ্ট লাঘবে বিএনপি সরকার গঠন করতে পারলে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নেবে। তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের পরিবারদের দেখভাল ও কল্যাণ নিশ্চিত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে একটি পৃথক ডিপার্টমেন্ট গঠন করা হবে।”

তিনি আরও বলেন, বিএনপি অতীতে সরকার পরিচালনার সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিল, যা একাত্তরের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে কাজ করছে। একইভাবে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারগুলোর পাশে দাঁড়ানো রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

বিএনপি চেয়ারম্যান বলেন, মতবিনিময় সভায় শহীদ পরিবার ও আহতদের স্বজনদের যন্ত্রণার কথা শোনার সময় তাদের বেদনার গভীরতা আরও স্পষ্ট হয়েছে। “স্বজন হারানোর কষ্ট কোনো কিছুর বিনিময়েই পূরণ করা সম্ভব নয়,” উল্লেখ করে তিনি বলেন, তবে রাষ্ট্রীয়ভাবে অন্তত দুইভাবে সহায়তার উদ্যোগ নেওয়া যেতে পারে।

তিনি বলেন, একদিকে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হবে, অন্যদিকে দলমত নির্বিশেষে তাদের যোগ্যতা অনুযায়ী অর্থনৈতিক নিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন বা আহত হয়েছেন, তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেই দায়বদ্ধতা অনুভব করে এবং ক্ষমতায় গেলে পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষদের লক্ষ্য ছিল একটি নিরাপদ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা। এই লক্ষ্য বাস্তবায়নে আসন্ন জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ হলে ভবিষ্যতেও শোক ও বেদনার পুনরাবৃত্তি ঘটবে। “শোকগাঁথা নয়, আগামী বাংলাদেশে গণতন্ত্রের বিজয়গাঁথা রচনা করতে হবে,”—এমন আহ্বান জানান তিনি।

এ সময় স্বাধীনতার আন্দোলনকে দলীয় স্বার্থে ব্যবহারের চেষ্টা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান বিএনপি চেয়ারম্যান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপির অন্যান্য শীর্ষ নেতারা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!