বগুড়া-৬ (সদর) আসনের পর এবার রাজধানীর ঢাকা-১৭ আসন থেকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র গ্রহণযোগ্য বলে ঘোষণা দেন।
এর আগে একই দিনে সকালে বগুড়া-৬ (সদর) আসন থেকেও তারেক রহমানের জমা দেওয়া মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে। আপিলের নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের ভোটগ্রহণ।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬—এই দুই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

