দেশজুড়ে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতির কারণে পূর্বনির্ধারিত সব দলীয় কর্মসূচি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে দলটির দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, জননিরাপত্তা ও সামগ্রিক রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থগিত হওয়া কর্মসূচির মধ্যে রয়েছে বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অংশগ্রহণে নির্ধারিত অনুষ্ঠান। একই সঙ্গে বিকেল ৪টায় কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ঘোষিত কর্মসূচিতেও আপাতত বিরতি দেওয়া হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, কর্মসূচি স্থগিতের পাশাপাশি দেশের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে।
এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে দেশজুড়ে যে উত্তেজনা ও সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
দলীয় সূত্র জানায়, জরুরি বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলার ঘটনা এবং বিএনপির পরবর্তী রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তৃত আলোচনা হতে পারে। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় সাংগঠনিক প্রস্তুতি ও জনগণের জানমালের নিরাপত্তা ইস্যুতেও দিকনির্দেশনা আসতে পারে।
বিশেষ করে কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার পর বিএনপির আনুষ্ঠানিক অবস্থান কী হবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে।
এদিকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে এবং বিএনপি নেতা-কর্মীদের শান্ত ও সংযত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের পরবর্তী করণীয় ও চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির অবস্থান জানানো হতে পারে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

