AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শান্তিরক্ষীর ৬ সদস্য নিহতের ঘটনায় জামায়াতের শোক প্রকাশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫৬ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৫

শান্তিরক্ষীর ৬ সদস্য নিহতের ঘটনায় জামায়াতের শোক প্রকাশ

বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী সদস্য সুদানে জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় শাহাদাত বরণের ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৪ ডিসেম্বর) তিনি এক বিবৃতিতে শোক জানান।

জামায়াত আমির বলেন, আফ্রিকার সুদানের আবেই এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এই হামলায় সেনাবাহিনীর ছয় সদস্য শাহাদাত বরণ করেছেন এবং আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে পৃথিবীর বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশ ও সংঘাতপূর্ণ এলাকায় শান্তি প্রতিষ্ঠায় ঝুঁকিপূর্ণ দায়িত্ব নিষ্ঠা ও বীরত্বের সঙ্গে পালন করে চলেছেন। এ পর্যন্ত বাংলার সাহসী শান্তি সেনারা কম্বোডিয়া, সাবেক যুগোস্লাভিয়া, ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর, আফ্রিকার সিরেরালিওন, সোমালিয়া, দক্ষিণ সুদানসহ বিভিন্ন দেশে জটিল ও চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পেশাদারি ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে সেসব দেশে শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখতে সক্ষম হয়েছেন।

তিনি আরও বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলা মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ। বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করছি এবং শহীদদের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তাদের এই আত্মত্যাগে আমরা জাতি হিসেবে গর্বিত। প্রকৃত অর্থেই বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ‘বাংলাদেশ সেনাবাহিনী’ এখন একটি ব্র্যান্ড নেম।

তিনি বলেন, নিহতদের রুহের মাগফেরাত কামনা করছি। তাদের শহীদ হিসেবে কবুল করার জন্য এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান রবের কাছে কায়মনোবাক্যে দোয়া করছি। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে বিশ্বশান্তি মিশনে নিয়োজিতদের নিরাপত্তা আরও জোরদার করার জন্য বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!