নাশকতার ঘটনায় রাজধানীর রমনা থানায় করা আরেকটি মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফলে তার মুক্তিতে আর বাধা নেই।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) এ আদেশ দেন আদালত।
এর আগে গতকাল রোববার (১৮ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির বাসভবনে হামলায় করা মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এ নিয়ে মির্জা আব্বাসের বিরুদ্ধে গত ২৮ অক্টোবরের পর করা ১১টি মামলার মধ্যে ১০টি মামলায় জামিন পান তিনি। আজ আবার একটি মামলায় জামিন পাওয়ায় ১১ টিতেই জামিন পেলেন তিনি।
মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী গতকাল বলেছেন, গত ২৮ অক্টোবরের পর রাজধানীর পল্টন থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে ছয়টি মামলা হয়। আর রমনা থানায় মামলা হয় চারটি। এ ছাড়া তার বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় আরও একটি মামলা হয়। এর মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলায় জড়িত অভিযোগে করা মামলায় জামিন পেলেন মির্জা আব্বাস।
মহিউদ্দিন চৌধুরী আরও বলেন, ঢাকা রেলওয়ে থানায় করা মামলা ছাড়া অপর ১০টি মামলায় জামিন পেয়েছেন মির্জা আব্বাস। গত ৩১ অক্টোবর তিনি গ্রেফতার হন।
গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা আব্বাসের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর মধ্যে শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে এ মামলায় গত ১ নভেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৫ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

