চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে অনুষ্ঠিতব্য একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) ১৫ জন জ্যেষ্ঠ কর্মকর্তা চীন সফরে গেছেন।
মঙ্গলবার (২ জুন) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না এয়ারের একটি ফ্লাইটে তারা চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
জানা গেছে, চীন সরকার ও বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি কুনমিংয়ে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, আগামী ৮ জুন পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে।
প্রতিনিধি দলে রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয় ও এর অধীন বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের মধ্যে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মহাপরিচালক জুলিয়া মঈন, পরিচালক (ইনোভেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন) মনিরুল ইসলাম পাটোয়ারী, উপসচিব জেসমিন আখতারসহ আরও কয়েকজন কর্মকর্তা রয়েছেন।
এর আগে সোমবার (১ জুন) ঢাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও চীনের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ এবং সহযোগিতা আরও শক্তিশালী হয়েছে। তার মতে, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি দুই দেশের মধ্যে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ বাড়াবে।
রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তারা চীনের উন্নয়ন ও আধুনিকায়ন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন এবং তা বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে কাজে লাগাতে পারবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

