ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন বিধিমালায় বড় ধরনের সংশোধনের উদ্যোগ নিয়েছে।
একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, সংশোধিত বিধিমালায় অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো—নির্বাচনী প্রচারে পোস্টার সম্পূর্ণভাবে বাদ দেওয়া। কমিশন এ বিষয়ে নীতিগতভাবে ইতিবাচক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বর্তমান বিধান বাতিলের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহারের নিয়মও থাকছে না। নির্বাচন হবে সম্পূর্ণ নির্দলীয় ভিত্তিতে, ফলে দলীয় প্রতীক ব্যবহারের সুযোগও থাকবে না।
বর্তমান বিধিতে নির্দলীয় প্রার্থীদের জন্য ১ শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষর জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তা বাতিলের প্রস্তাব রয়েছে বলে জানান এই নির্বাচন কমিশনার। পাশাপাশি উপজেলা নির্বাচন ছাড়া অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনে জামানতের পরিমাণ বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে।
তিনি জানান, প্রবাসী ভোট বা পোস্টাল ভোটের কোনো ব্যবস্থা স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না। একই সঙ্গে ফেরারি আসামি ও কিছু আইসিটি আইনে চার্জশিটভুক্ত ব্যক্তিদের প্রার্থী হওয়ার সুযোগও সীমিত করা হচ্ছে।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য বিধিমালায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে। এ প্রক্রিয়া জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে এবং ঈদের পর সংশোধিত বিধিমালা চূড়ান্ত হতে পারে।
তিনি আরও জানান, চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। অক্টোবর থেকেই ধাপে ধাপে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে কমিশনের।
নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে সরকারের নিরপেক্ষ ভূমিকা, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ এবং নির্বাচন কমিশনের কঠোর অবস্থান—এই তিনটি বিষয়কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এবং অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ভোটকেন্দ্র বন্ধ করার ক্ষমতাও নির্বাচন কমিশনের রয়েছে।
আশাবাদ ব্যক্ত করে এই নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা পেলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
সূত্র: বাসস
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

