AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফায়ার সার্ভিসে ২০ নতুন স্টেশন ও ১০০ অ্যাম্বুলেন্স আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০১:২২ পিএম, ১৯ মে, ২০২৬

ফায়ার সার্ভিসে ২০ নতুন স্টেশন ও ১০০ অ্যাম্বুলেন্স আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বাড়াতে দেশের বিভিন্ন স্থানে ২০টি নতুন ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ চলছে। পাশাপাশি অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণে ১০০টি নতুন অ্যাম্বুলেন্স সংগ্রহের কার্যক্রমও চলমান রয়েছে।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ‘ফায়ার সার্ভিস সপ্তাহ, পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশে ৫৩৮টি ফায়ার স্টেশনের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সেবা দিয়ে যাচ্ছে, যা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। জনগুরুত্ব বিবেচনায় নতুন স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও জানান, সম্প্রতি ডুবুরি ইউনিটের সক্ষমতা বাড়াতে ৭২টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জনবল নিয়োগ সম্পন্ন হলে নৌযান দুর্ঘটনা মোকাবিলায় বাহিনীর সক্ষমতা আরও বাড়বে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গতি, সেবা ও ত্যাগের মন্ত্রে উজ্জীবিত ফায়ার সার্ভিস সদস্যরা যেকোনো দুর্যোগ ও দুর্ঘটনায় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষায় কাজ করেন। মানুষের কাছে তারা এখন নির্ভরতার প্রতীক।”

তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী ফায়ার সার্ভিসের সদস্য সংখ্যা ৩০ হাজারের বেশি করার লক্ষ্যে অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে।

প্রশিক্ষণের মান উন্নয়নে মুন্সীগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একাডেমি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ ছাড়া সেবা সহজীকরণ ও স্বচ্ছতা নিশ্চিত করতে গত ১ মে থেকে অনলাইনভিত্তিক ই-ফায়ার লাইসেন্স কার্যক্রম চালু হয়েছে।

সদস্যদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঢাকার মিরপুর ও সদরঘাট এলাকায় কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুটি বহুতল আবাসিক ভবন নির্মাণাধীন রয়েছে। মিরপুরে নতুন সদর দপ্তর ভবনের কাজও চলছে। পাশাপাশি ‘ফায়ার অ্যান্ড রেসকিউ ভাতা’ চালুর বিষয়টিও সরকার বিবেচনা করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৫ সালে ফায়ার সার্ভিস ২৭ হাজার ৫৯টি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করে প্রায় ৩ হাজার ২৬৩ কোটি টাকার সম্পদ রক্ষা করেছে। একই সময়ে ৭ হাজার ৮১৫টি সড়ক দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে চলতি বছরে ফায়ার সার্ভিসের ৩ সদস্য নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। তাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!