ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা নিতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য যৌথ সতর্কবার্তা জারি করেছে ১৩টি দেশ। আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে সরকারি ও আনুষ্ঠানিক পদ্ধতি অনুসরণের ওপর জোর দেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) ঢাকায় জার্মান দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ সতর্কবার্তা জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জাল নথি ব্যবহার বা অননুমোদিত মাধ্যমে আবেদন করলে তা আবেদন প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
এতে আরও বলা হয়, লাইসেন্সবিহীন বা অবিশ্বস্ত এজেন্টের শরণাপন্ন হওয়া থেকে বিরত থাকতে হবে। এ ধরনের এজেন্টের মাধ্যমে আর্থিক লেনদেন করলে প্রতারণার শিকার হওয়ার পাশাপাশি আবেদন বাতিল বা আইনি জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে।
একইসঙ্গে মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে চলার পরামর্শ দিয়ে বলা হয়, কোনো দূতাবাস বা কনস্যুলার মিশনই ভিসা প্রক্রিয়ায় কোনো দালাল বা এজেন্টের সঙ্গে যুক্ত নয়।
আবেদনকারীদের শুধুমাত্র সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সতর্কবার্তায় অংশ নেওয়া দেশগুলো হলো—অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

