প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার (৩০ মার্চ) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে স্বাগত জানান এবং প্রায় ২০ মিনিট তারা সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত আলোচনা করেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমানকে তার কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন, যা উপস্থিতদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
এর আগে বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজায় পাশাপাশি অংশ নেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। জানাজা শেষে সংসদ ভবনের দিকে যাওয়ার সময় বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী তাকে নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এটি ছিল একটি সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ। তিনি বলেন, প্রধানমন্ত্রী সবসময় রাজনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক সম্মান বজায় রাখেন, যার ধারাবাহিকতাই এ সাক্ষাতে প্রতিফলিত হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

