টানা ১৩ দিনের বিরতি শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম আবার শুরু হয়েছে। রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় সংসদ ভবনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
এর আগে গত ১২ মার্চ প্রথম অধিবেশন শুরু হলেও ঈদুল ফিতরসহ বিভিন্ন ছুটির কারণে ১৫ মার্চ তা মূলতবি করা হয়েছিল।
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, এ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এতে সরকারি ও বিরোধী দলের সদস্যরা অংশ নিচ্ছেন।
অধিবেশনের কর্মসূচিতে মন্ত্রীদের জন্য প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন এবং সেসব নোটিশের ওপর সংক্ষিপ্ত আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা নির্ধারণ করা হয়েছে। কার্য-উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
উল্লেখ্য, গত ১২ মার্চ সংসদের প্রথম বৈঠকে রাষ্ট্রপতি ভাষণ দেন। সংসদীয় নিয়ম অনুযায়ী, ওই ভাষণের ওপর আলোচনা শেষে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

